Author: Chinmoy Biswas
কলকাতার ফুটবল মানেই আবেগ। সেই আবেগেরই রঙ আবারও ছড়িয়ে দিল ইস্টবেঙ্গল। শুক্রবার নৈহাটির মাঠ যেন লাল-হলুদের দুর্গ। গ্যালারিতে কয়েক হাজার সমর্থকের গর্জন, “জয় ইস্টবেঙ্গল, জয় ইস্টবেঙ্গল”—এই স্লোগানেই দুলছিল চারদিক।
মাঠে নামার পর থেকেই আক্রমণে দাপট দেখায় শতবর্ষের ঐতিহ্যবাহী ক্লাব। ২৫ মিনিটে পি ভি বিষ্ণুর পাস থেকে ডেভিড গোল করে শুরুটা করেন, উল্লাসে ফেটে পড়ে গ্যালারি।গোল করেন ডেভিড।
দ্বিতীয়ার্ধে আমন সিকের পরিবর্তে নামেন ভানলালপেকা গুইতে। ৫৩ মিনিটে তাঁর গোলেই ২-০ এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ডেভিডের ক্রস রিসিভ করে বিশ্বমানের গোল করেন গুইতে। ঝাঁপিয়ে পড়লেও কিছুই করার ছিল না কালীঘাটের গোলরক্ষক রঞ্জনের।
গুইতের দুরন্ত গোল যেন ক্লাবের সমৃদ্ধ ইতিহাসের সঙ্গে মিলিয়ে গেল—লাল-হলুদের ফুটবল সর্বদাই শিল্পের কাছাকাছি। যদিও ৬৬ মিনিটে কালীঘাট পেনাল্টি থেকে একবার ম্যাচে ফেরার চেষ্টা করে, তবুও ইস্টবেঙ্গলকে আটকানো যায়নি। ৮৭ মিনিটে শ্যামলের গোলে যেন শেষ সিলমোহর পড়ল লাল-হলুদের জয়ে।
এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হল সুপার সিক্স। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-র শীর্ষে ইস্টবেঙ্গল। গ্যালারির লাল-হলুদ পতাকা আর সমর্থকদের গান প্রমাণ করে দিল—ইস্টবেঙ্গল শুধু একটি ক্লাব নয়, এটি এক ইতিহাস, এক জীবন, এক আবেগ।
গোলদাতা:
ইস্টবেঙ্গল: ডেভিড (২৫’), গুইতে (৫৩’), শ্যামল (৮৭’)
কালীঘাট: দেবদত্ত (পেনাল্টি, ৬৬’)
Picture Courtesy: East Bengal Media