Contributed by Chinmoy Biswas
নৈহাটী, ৮ আগস্ট — মেঘলা আকাশ ও গ্যালারিতে লাল-হলুদ সমর্থকদের গর্জনের মধ্যে নৈহাটী বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে কলকাতা ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এফসি ও কালীঘাট এস.এল.এ।
ইস্টবেঙ্গলের কোচ বিনো জর্জ প্রথম একাদশে অভিজ্ঞ সৌভিক, এডমুন্ড ও রায়নাদের সুযোগ দেন। তবে শুরুতে প্রত্যাশিত তেজ দেখা যায়নি লাল-হলুদদের খেলায়। বরং সংঘবদ্ধ কালীঘাট দল প্রথম দিকে ভালো লড়াই করে। তবুও জয়ের লক্ষ্যে প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে ইস্টবেঙ্গল। মাঝমাঠে বল দখলে রেখে ধারাবাহিক আক্রমণ গড়ে তুললেও কালীঘাটের রক্ষণভাগ একের পর এক আক্রমণ প্রতিহত করে।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ম্যাচের গতি বদলে যায়। ডান দিক থেকে আসা নিখুঁত ক্রসে বক্সের ভেতর থেকে শট নিয়ে জালের দেখা পান ভানলালপেকা গুইতে, যা হয়ে ওঠে ম্যাচের একমাত্র গোল।
গোল হজমের পর কালীঘাট কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে, তবে ইস্টবেঙ্গলের গোলরক্ষক ও রক্ষণভাগ সতর্ক এবং সংগঠিত থেকে প্রতিপক্ষকে গোলের সুযোগ দেয়নি।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সমর্থকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। এই জয়ে লিগ টেবিলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করে ইস্টবেঙ্গল এফসি। মৌসুমের এই পর্যায়ে জয়টি দলের অবস্থানকে সুদৃঢ় করার পাশাপাশি খেলোয়াড়দের আত্মবিশ্বাসও বাড়িয়ে দিল।
Picture Courtesy: East Bengal Media