Contributed by: Chinmoy Biswas
বৃষ্টিভেজা বিকেলের নৈহাটি যেন পরিণত হয়েছিল লাল-হলুদের জয়োৎসবে। কলকাতা লিগ ২০২৫-এর প্রথম ম্যাচেই মেজারার্স ক্লাবকে ৭-১ ব্যবধানে পরাজিত করে শিরোপা অভিযানে জোরদার সূচনা করল ইস্টবেঙ্গল।
প্রথম থেকেই ছন্দে ছিল বিনো জর্জের কোচিংয়ে গড়া লাল-হলুদ দল। ম্যাচের শুরু থেকে পাসিং, মুভমেন্ট ও ধারাবাহিক আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখে তারা। প্রথমার্ধে একের পর এক গোলে মেজারার্স ক্লাব কার্যত কোণঠাসা হয়ে পড়ে।
দলের মাঝমাঠে মনোতোষ, সায়ন ও গুইতে দারুণ নিয়ন্ত্রণ দেখান। তাঁদের গোলে ইস্টবেঙ্গল পায় সাফল্যের ছন্দ। প্রতিটি গোলেই ছিল পরিকল্পনা ও নিয়ন্ত্রণের ছাপ, পাশাপাশি ফুটবলীয় সৌন্দর্যের পরিপূর্ণ প্রকাশ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই তন্ময় একটি দর্শনীয় গোল করে ব্যবধান বাড়িয়ে দেন। তবে ম্যাচের অন্যতম আকর্ষণ আসে বদলি ফুটবলার জেসিনের পা থেকে। ডান দিক থেকে একক প্রচেষ্টায় ড্রিবল করে তিনজন রক্ষণের মাঝে দিয়ে গোলটি করেন তিনি। তাঁর এই পারফরম্যান্স গ্যালারিতে উপস্থিত সমর্থকদের দাঁড়িয়ে হাততালি দিতে বাধ্য করে।
ম্যাচের অন্তিম লগ্নে সুমন দে একটি দুর্দান্ত লং রেঞ্জার গোল করে স্কোরলাইন ৭-১-এ পৌঁছে দেন। মেজারার্স ক্লাব যদিও একটি সান্ত্বনা সূচক গোল করতে সক্ষম হয়, তবে ম্যাচে তাদের প্রভাব ছিল নামমাত্র।
প্রথম ম্যাচেই সাত গোলের দাপুটে জয় নিঃসন্দেহে ইস্টবেঙ্গল শিবিরে আত্মবিশ্বাস জোগাবে। এই জয় দলের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা—তারা শিরোপা ধরে রাখতেই মাঠে নেমেছে। আর ফুটবল বলছে—এটা তো কেবল শুরু!
Picture Courtesy: East Bengal Media