Courtesy: Chinmoy Biswas
নৈহাটির গ্যালারী মঙ্গলবার বিকেলে যেন উৎসবের মঞ্চে পরিণত হয়েছিল। সিএফএল ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে রেলওয়ে এফসিকে ৩–০ গোলে উড়িয়ে দিয়ে দাপটের সঙ্গে জয়ের ধারাবাহিকতা বজায় রাখল ইস্টবেঙ্গল ক্লাব। বিনো জর্জের ছেলেরা শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণ, পাসিং ও রক্ষণ—প্রতিটি ক্ষেত্রে প্রতিপক্ষকে ছাপিয়ে গিয়েছে।
প্রথম গোল আসে ম্যাচের ২৫তম মিনিটে। আজাদের জোরালো শট রেলওয়ের গোলরক্ষক প্রথমে ফিরিয়ে দিলেও সুযোগ নষ্ট করেননি সায়ন মুখার্জী। ঠান্ডা মাথায় নিখুঁত শটে বল জালে পাঠিয়ে দেন তিনি। মাত্র তিন মিনিট পর, ২৮তম মিনিটে, আবারও স্কোরশিটে নাম লেখান সায়ন। বাঁদিক থেকে বিষ্ণুর মাপা ক্রসে দারুণ হেডে বল জালে জড়ান তিনি—যা ছিল দিনের সেরা ফিনিশিং।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ২–০ ব্যবধানে এগিয়ে যায় লাল-হলুদ বাহিনী। দ্বিতীয়ার্ধে রেলওয়ে এফসি বেশ কয়েকবার আক্রমণে উঠলেও ইস্টবেঙ্গলের রক্ষণভাগ ও গোলরক্ষক ছিলেন অটল দুর্গের মতো। প্রতিপক্ষের সব প্রচেষ্টাই ব্যর্থ হয় এই রক্ষণভেদের চেষ্টায়।
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, ৯০তম মিনিটে, সায়নের গোলমুখী শট রেলওয়ের গোলরক্ষক ফেরালেও রিবাউন্ডে সুযোগ কাজে লাগান নাসিব রহমান। তাঁর গোলে ম্যাচের শেষ অধ্যায়টিও রঙিন হয়ে ওঠে, আর নিশ্চিত হয় ইস্ট বেঙ্গলের দাপুটে জয়।
এই জয়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করল ইস্টবেঙ্গল। ম্যাচ শেষে নৈহাটির আকাশ মুখরিত হয়ে ওঠে জয় ইস্টবেঙ্গল স্লোগানে!!
Picture Courtesy: East Bengal Media