Contributed by: Chinmoy Biswas
ক্যালকাটা ফুটবল লিগ (CFL) ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে এগিয়ে থেকেও জয় তুলে নিতে ব্যর্থ হল ইস্টবেঙ্গল ক্লাব। নৈহাটির বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে সুরুচি সংঘের বিরুদ্ধে শেষ পর্যন্ত ১-১ গোলে সমতা মেনে নিতে হয় লাল-হলুদ শিবিরকে।
প্রথমার্ধে ইস্টবেঙ্গল আক্রমণে কিছুটা সক্রিয় থাকলেও পুরো দলেই দেখা যায় একপ্রকার গা-ছাড়া মনোভাব। মাঝেমাঝেই অপ্রয়োজনীয় মিস পাস ও ভুল সিদ্ধান্ত খেলায় ছন্দপতন ঘটায়। তবুও প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+৩ মিনিটে) দলের নির্ভরযোগ্য ফরোয়ার্ড গুইতে একক নৈপুণ্যে প্রতিপক্ষ রক্ষণ ভেদ করে অসাধারণ এক গোল করেন। কন্ট্রোল, বডি ব্যালান্স ও নিখুঁত ফিনিশিং—সব মিলিয়ে এই গোলটি ছিল নিখাদ ক্লাসে ভরপুর।

তবে দ্বিতীয়ার্ধে মাঠে নামে এক ভিন্ন সুরুচি সংঘ। ম্যাচের গতি নিজেদের নিয়ন্ত্রণে এনে একের পর এক আক্রমণে চাপে ফেলে ইস্টবেঙ্গলকে। একসময় সেই চাপই কাজে লাগিয়ে গোলের সুযোগ তৈরি করে এবং সফলভাবে বল জালে জড়িয়ে সমতা ফেরায় তারা।
ম্যাচের শেষভাগে দুই দলই একাধিকবার আক্রমণে উঠলেও কাঙ্ক্ষিত জয় অধরাই থেকে যায়। ১-১ গোলে শেষ হওয়া এই ম্যাচে লিগ টেবিল থেকে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট হারাল ইস্টবেঙ্গল।
Picture Courtesy: East Bengal Media