Contributed by Chinmay Biswas
কলকাতা ফুটবল লিগ ২০২৫-এর এক জমজমাট ম্যাচে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল ক্লাব এবং ক্যালকাটা কাস্টমস ক্লাব। খেলার ফলাফল শেষ পর্যন্ত নির্ধারিত হয়নি—ম্যাচটি ২-২ গোলে ড্র-এর মাধ্যমে শেষ হয়। তবে ম্যাচের উত্তেজনা, ছন্দপতন, নাটকীয়তা এবং সমর্থকদের আবেগ—সব মিলিয়ে এটি ছিল একটি মনে রাখার মতো দ্বৈরথ।
প্রথমার্ধে ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জের ছেলেরা শুরুতে কিছুটা ছন্দে থাকলেও সময়ের সাথে ছন্নছাড়া ফুটবলে ধরা পড়ে যায়। শুরুতে গুইতে, কুশ ছেত্রী, জোসেপ ও সঞ্জীব বেশ কয়েকটি ভালো আক্রমণ গড়ে তুলেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে ফিনিশিং-এর অভাবে তারা গোলের খাতা খুলতে ব্যর্থ হন।
এরপর ম্যাচের গতি ঘুরিয়ে দেয় ক্যালকাটা কাস্টমস ক্লাব। বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা ধারাবাহিক আক্রমণ গড়ে তুলে পরপর দুটি গোল করে প্রথমার্ধেই ম্যাচে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে।দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের খেলায় আসে নাটকীয় পরিবর্তন। পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নামেন সায়ন-জেসিন, যাদের আগমনে লাল-হলুদের আক্রমণভাগে আসে নতুন গতি। বাম দিক থেকে সায়নের স্প্রিন্ট এবং জেসিনের বক্সের মধ্যে প্রতিনিয়ত লড়াই কাস্টমসের রক্ষণকে বারবার ভেঙে দেয়।৬১তম মিনিটে, তরুণ মিডফিল্ডার আনন্থু দুর্দান্ত ফিনিশিংয়ে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটি করেন।এরপর ৭১তম মিনিটে, ডিফেন্ডার প্রভাত লাকরা দ্বিতীয় গোল করে ম্যাচে সমতা ফেরান।
এই দুই গোলের মাধ্যমে লাল-হলুদ শিবিরে ফিরে আসে প্রাণ। সমর্থকদের গর্জনে আবারও জেগে ওঠে মাঠ। গোলের পর ইস্টবেঙ্গল ম্যাচে পুরোপুরি ফিরে এলেও তৃতীয় গোলের জন্য মরিয়া আক্রমণগুলো বারবার প্রতিহত হয়। এর মাঝেই ক্যালকাটা কাস্টমসের খেলোয়াড়দের বারবার মাঠে পড়ে চোটের অভিনয় ও সময় নষ্ট করার প্রবণতা ইস্টবেঙ্গল শিবিরে তীব্র ক্ষোভের জন্ম দেয়। সমর্থকদের মধ্যে শুরু হয় অসন্তোষ—এই ধরণের খেলাধুলাহীন কৌশলে বাংলার ফুটবলের উন্নতি আদৌ সম্ভব কিনা, সেই প্রশ্ন উঠেছে বহু কণ্ঠে।
যদিও ইস্টবেঙ্গল পুরো তিন পয়েন্ট তুলে নিতে পারেনি, তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত লড়াই এবং মানসিক দৃঢ়তা দলকে একটি মূল্যবান পয়েন্ট এনে দিয়েছে। অন্যদিকে, কাস্টমসের রক্ষণাত্মক কৌশল এবং সময় নষ্ট করার প্রবণতা ম্যাচের সৌন্দর্য কিছুটা নষ্ট করেছে বলেই মনে করছেন সমর্থকেরা।
এই ম্যাচ আবারও প্রমাণ করল—CFL শুধু একটি লীগ নয়, এটি আবেগ, লড়াই এবং কলকাতার ফুটবল ঐতিহ্যের প্রতিচ্ছবি।
Picture Courtesy: East Bengal Media