Contributed by Chinmay Biswas
ইস্টবেঙ্গলের রক্ষণভাগে আসছে নতুন মুখ। রাজস্থান ইউনাইটেডের দীর্ঘদেহী ডিফেন্ডার মার্তণ্ড রায়না এবার তিন বছরের চুক্তিতে যোগ দিলেন লাল-হলুদ শিবিরে। বুধবার ক্লাবের তরফে এক সরকারি বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।
ইতিমধ্যেই কলকাতার মাটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে মার্তণ্ডের। গত মরশুমে তিনি অ্যাডামাস ইউনাইটেড দলের হয়ে খেলেছিলেন এবং প্রায় ৯টি ম্যাচ খেলেছেন। তাঁর উচ্চতা, বল কন্ট্রোল ও ট্যাকল করার ক্ষমতা ক্লাব কর্তাদের নজরে পড়ে, যার ফলস্বরূপই এই চুক্তি।
চুক্তির পর ইস্টবেঙ্গলের তরফ থেকে পাঠানো এক প্রেস বিবৃতিতে মার্তণ্ড বলেন,
“ইস্টবেঙ্গলের হয়ে খেলা আমার কাছে একটি স্বপ্নপূরণের মতো। আমি চাই, মাঠে নিজের সবটুকু উজাড় করে দিয়ে এই ক্লাব ও সমর্থকদের গর্বিত করতে।”
বর্তমানে ইস্টবেঙ্গলের কোচের দায়িত্বে রয়েছেন অস্কার ব্রুজোঁ। তাঁর অধীনে নতুন মরশুমে আরও শক্তিশালী রক্ষণভাগ গড়ার লক্ষ্যে এগোচ্ছে ক্লাব। মার্তণ্ডের মতো একজন প্রতিভাবান ডিফেন্ডারের আগমন সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
অনেকে বলছেন, ধোনির দলের যেমন ছিলেন সুরেশ রায়না, তেমনি ব্রুজোঁর সাজঘরে এলেন মার্তণ্ড রায়না — লড়াই, নিষ্ঠা ও দায়িত্ববোধে ভরপুর এক নতুন নাম, যাঁর দিকে এবার তাকিয়ে থাকবে লাল-হলুদ সমর্থকরা।
Picture Courtesy: East Bengal Media