Author: Chinmoy Biswas
কলকাতা ফুটবল লিগ—শুধু ভারতের নয়, পুরো এশিয়ার সবচেয়ে পুরোনো লিগ প্রতিযোগিতা। ১৮৯৮ সালে এর যাত্রা শুরু, সেই থেকে আজ পর্যন্ত ময়দানের গ্যালারি হয়ে উঠেছে বাঙালির আবেগের আঁতুড়ঘর। ক্রিকেট এই শহরের সবচেয়ে বড় খেলা হলেও, কলকাতা লিগ মানেই অন্যরকম ভালোবাসা। মানেই হাজারো মানুষ বিকেলের পর মাঠে ছুটে আসা, পতাকা উড়ানো, ঢাক-ঢোলের আওয়াজে আকাশ মাথায় তোলা।
এই দীর্ঘ ইতিহাসের ভাঁজে ভাঁজে জড়িয়ে আছে ইস্টবেঙ্গল ক্লাবের নাম। ১৯২০ সালে জন্ম নেওয়া এই ক্লাব খুব অল্প সময়েই ময়দানে নিজেদের জায়গা পাকা করে ফেলে। ব্রিটিশ আমলের একঘেয়ে আধিপত্য ভেঙে ১৯৪২ সালে প্রথম কলকাতা লিগ জিতে নেয় ইস্টবেঙ্গল। তারপর থেকে একের পর এক জয়, একের পর এক উল্লাস—লাল-হলুদের শিরোপার সংখ্যা দাঁড়ালো এবার ৪১-এ।
কলকাতা লিগ মানেই ইস্টবেঙ্গল–মোহনবাগান দ্বৈরথ। ইস্ট-মোহন বড় ম্যাচের আগে এই শহর বিভক্ত সমর্থকদের আবেগ যেন দাউদাউ করে জ্বলে ওঠে।একপাশে লাল-হলুদ, অন্যপাশে সবুজ-মেরুন। আর মাঝে ফুটবলটাই হয়ে ওঠে শহরের স্পন্দন। ইউনাইটেড স্পোর্টস, মহমেডান—সবাই মিলে সেই ইতিহাসকে আরও বর্ণময় করে তোলে।
কিন্তু সংখ্যার বিচারে ইস্টবেঙ্গলের দাপটই স্পষ্ট। এই ৪১টি শিরোপা প্রমাণ করে, ঐতিহ্য আর ধারাবাহিকতায় তারা এখনও ময়দানের অন্যতম সম্রাট।
সোমবারের ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ডেভিড ও শ্যামলের গোল শুধু জয় এনে দেয়নি, জাগিয়েছে পুরোনো দিনের উন্মাদনা। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাঠজুড়ে লাল-হলুদের ঢেউ। সমর্থকরা পতাকা উড়িয়ে, গলা ফাটিয়ে গান গেয়ে জানিয়ে দিলেন—“ইস্টবেঙ্গল মানেই শুধু একটি ক্লাব নয়, এটি এক আবেগ।
কলকাতা লিগের আসল প্রাণ কিন্তু গ্যালারিতে বসা মানুষগুলো। যারা বৃষ্টিতে ভিজেও খেলা দেখতে আসে, যারা ৯০ মিনিট দাঁড়িয়ে গান গায়, যারা পরাজয়ের দিনেও বলে—“আগামী বছর আমরা ফিরব।” আজকের জয় সেই মানুষেরই জয়!!

সময় বদলায়, খেলোয়াড় বদলায়, কিন্তু এই আবেগের উত্তরাধিকার থামে না। ঠাকুরদা যে পতাকা হাতে মাঠে এসেছিলেন, আজ সেই পতাকা নাতির হাতে উড়ে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকে এই ভালোবাসা। আর এই ভালোবাসার নামই ইস্টবেঙ্গল।
৪১তম কলকাতা লিগে ইস্টবেঙ্গলের এই জয় আবারও মনে করিয়ে দিল—ফুটবল কেবল একটি খেলা নয়, এটি শহরের প্রাণের সঙ্গে মিশে থাকা আবেগ। ময়দানের মাটি, গ্যালারির ঢেউ আর সমর্থকদের বুকভরা ভালোবাসাই এই জয়ের আসল শক্তি।
ইতিহাস আবার লিখল—কলকাতা লিগ মানেই ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গল মানেই আবেগ!!!
Picture Courtesy: Social Media