Contributed by: Chinmay Biswas
ইস্টবেঙ্গল—শুধু একটা নাম নয়, এক শতাব্দীর গর্ব, সংগ্রাম আর সাহসিকতার প্রতীক।
এই ক্লাব বাঙালির আবেগ, পূর্ববঙ্গের স্বপ্ন, আর লক্ষ লক্ষ মানুষের জীবনের অংশ।
লাল আর হলুদ—এই দুই রঙের জার্সি যেন এক আত্মপরিচয়, যা বুকের ভেতর আগুন জ্বালিয়ে রাখে।
যখন মাঠে নামে ইস্টবেঙ্গল, তখন শুধু ১১ জন নয়, মাঠে নামে কোটি কোটি হৃদয়।
সাম্বা সুর কলকাতায়
ব্রাজিল—যেখানে ফুটবল কেবল খেলা নয়, বরং ধর্ম। আর সেই ধর্মের ছোঁয়া যখন মিশে যায় ইস্টবেঙ্গলের গর্বিত ইতিহাসে, তখন সৃষ্টি হয় এক অনন্য মেলবন্ধন।
ডগলাস থেকে শুরু করে জুনিয়র,এডমিলসন,ক্লেইটন সিলভা। ব্রাজিলিয়ান তারকারা ইস্টবেঙ্গলের জার্সি গায়ে অনেকবার মাঠে আগুন ধরিয়েছেন। তারা শুধু গোল করেনি, তারা দর্শকদের মন জিতে নিয়েছে, মাঠে সাম্বা নাচিয়েছেন।
এবার সেই তালিকায় যুক্ত হল এক নতুন নাম—মিগুয়েল ফিগুয়েরা।
ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের আগমন নতুন আশার দিগন্ত খুলে দিয়েছে লাল-হলুদ শিবিরে।
দ্রুতগতি, ড্রিবলিংয়ের দক্ষতা, আর ফিনিশিংয়ের মুন্সিয়ানা—সব মিলিয়ে তিনি ইস্টবেঙ্গলের আক্রমণভাগে দিতে পারেন এক নতুন জীবন।
যেখানে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে ফেলার জন্য দরকার একটা সাম্বা স্পর্শ, সেখানেই হয়তো ফিগুয়েরা হয়ে উঠবেন ইস্টবেঙ্গলের নতুন ‘সেলেকাও’ প্রতিনিধি।
ইস্টবেঙ্গল সমর্থক মানেই কাঁদে, হাসে, লড়ে—দলের সঙ্গে একাত্ম হয়ে। ক্লাব জিতলে তারা রাস্তায় নামে, হারলেও গ্যালারি ফাঁকা করে না। তাদের ভালোবাসা শর্তহীন, অকৃত্রিম।
এই ভালোবাসার জোরেই ইস্টবেঙ্গল পেরিয়ে এসেছে শত বছরের পথ, সামনে এগিয়ে চলেছে নতুন স্বপ্ন নিয়ে।
Picture Courtesy: East Bengal Media