Author: Chinmoy Biswas
অসমের ডিব্রুগড়ে অনুষ্ঠিত সন্তোষ ট্রফি ২০২৫–২৬-এর প্রথম ম্যাচেই শক্তিশালী বার্তা দিল পশ্চিমবঙ্গ। কোচ সঞ্জয় সেনের তত্ত্বাবধানে দাপুটে ফুটবল খেলিয়ে নাগাল্যান্ডকে ৪–০ গোলে হারাল বাংলা ব্রিগেড।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে পশ্চিমবঙ্গ। মাঝমাঠের দখল ও দ্রুত পাসিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখে দল। প্রথমার্ধে রবি গোল করে এগিয়ে দেন বাংলাকে। এরপর বক্সের ভিতরে নিখুঁত ক্রস থেকে সায়নের দুরন্ত হেডে দ্বিতীয় গোল আসে, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
বিরতির পরও একই ছন্দ বজায় রাখে বাংলা। আক্রমণের ধার আরও বাড়িয়ে আকাশ ও আকিব গোল করে ব্যবধান ৪–০ করে দেন। নাগাল্যান্ড মাঝেমধ্যে পাল্টা আক্রমণের চেষ্টা করলেও পশ্চিমবঙ্গের সংগঠিত রক্ষণভাগের সামনে তা ফলপ্রসূ হয়নি।
রক্ষণ ও আক্রমণের মধ্যে চমৎকার ভারসাম্য, পরিকল্পিত ফুটবল এবং সম্পূর্ণ দলগত পারফরম্যান্স—সব মিলিয়ে ডিব্রুগড়ে প্রথম ম্যাচেই সঞ্জয় সেনের ছেলেরা জানিয়ে দিল, চলতি সন্তোষ ট্রফিতে পশ্চিমবঙ্গ যে অন্যতম শক্তিশালী দাবিদার।
Picture Courtesy: AIFF Media