Author: Chinmoy Biswas
চেন্নাইয়ের জহরলাল নেহেরু স্টেডিয়ামে এক ম্যাচে যেন দুই রূপ দেখাল ইস্টবেঙ্গল। শুরুটা দারুণ, মাঝখানে ছন্দপতন, আর শেষে সম্পূর্ণ নিয়ন্ত্রণ—এই তিন অধ্যায় মিলিয়ে ৩-১ জয় তুলে নিল লাল-হলুদ।
ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ক্রেসপোর নিখুঁত পাস থেকে এডমুন্ড ঠান্ডা মাথায় ফিনিশ করে দলকে লিড এনে দেন। তবে এগিয়ে যাওয়ার পরই কিছুটা ঢিলে পড়ে দল। মাঝমাঠে গতি কমে যায়, রক্ষণেও দেখা যায় অসাবধানতা।
এই সুযোগেই ২৮ মিনিটে ম্যাচে ফিরে আসে চেন্নাইন। ইরফান লাল-হলুদের ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে গোল করে স্কোরলাইন ১-১ করেন। এরপর প্রথমার্ধে দু’দলই কিছু চেষ্টা করলেও আর গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে নিজেদের ছন্দ ফিরে পায় ইস্টবেঙ্গল। পাসিংয়ে ধার বাড়ে, আক্রমণেও দেখা যায় বেশি তীক্ষ্ণতা। তারই ফল ৮৩ মিনিটে—বিষ্ণুর বাঁ পায়ের মাপা ক্রস থেকে বিপিন দুর্দান্ত হেডে বল জালে জড়িয়ে আবার এগিয়ে দেন দলকে।
শেষদিকে পুরো ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ইস্টবেঙ্গল। অতিরিক্ত সময়ে মিগুয়েলের সুন্দর পাস থেকে পরিবর্ত খেলোয়াড় নন্দা গোল করে জয় নিশ্চিত করেন।
এই ম্যাচে ইস্টবেঙ্গল দেখাল, শুধু এগিয়ে যাওয়া নয়—ছন্দ হারিয়েও কীভাবে আবার ম্যাচে ফিরতে হয়। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে দলের।
গোলস্কোরার:
ইস্টবেঙ্গল: এডমুন্ড (৭’), বিপিন (৮৩’), নান্ধা (৯০+৬’)
চেন্নাইন: ইরফান (২৮’)
Picture Courtesy: East Bengal Media